নেত্রকোণায় আহত অবস্থায় মেছোবাঘ উদ্ধার
সতরশ্রী বাজার এলাকা থেকে মেছোবাঘটিকে উদ্ধার করা হয় বলে জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
নেত্রকোণা সদর উপজেলায় আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বনবিভাগ।
শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে মেছোবাঘটিকে উদ্ধার করা হয় বলে জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান।
তিনি বলেন, রাতে স্থানীয়রা প্রাণীটিকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বনবিভাগে খবর দেয়। রাতেই মেছোবাঘটিকে উদ্ধার করা হয়।
“মেছোবাঘটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মত হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করেন।”
বন কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে, রাতের বেলায় প্রাণীটি রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মাথায় আহত হয়। রোববার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে মেছোবাঘটির চিকিৎসা শুরু হয়।”
তিনি বলেন, “বর্তমানে মেছোবাঘটি অনেকটা সুস্থ আছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত করা হবে।”
