চাঁদপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
২০২০ সালের ১০ মার্চ রাতে ইজিবাইক বিক্রির টাকা ছিনিয়ে নিতে ইব্রাহীমকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয় বলে জানান পিপি।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ইজিবাইক চালককে হত্যা টাকা ছিনতাইয়ের মামলায় দুই যুবককে যাবজ্জীবন এবং আরেকটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কুহিনুর বেগম।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার দক্ষিণ ইসলামবাদ গ্রামের প্রধানিয়া বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৩৫) এবং ইন্দুরিয়া ইসলামাবাদ গ্রামের প্রধানিয়া বাড়ির শহীদুল ইসলামের ছেলে মো. সবুজ (২৫)।
হত্যার শিকার ইব্রাহীম পাটোয়ারী (৪৮) উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।
মামলার বরাতে পিপি কুহিনুর বেগম বলেন, ইব্রাহীমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে ইব্রাহীমের স্ত্রীর এক আত্মীয়ের বাড়িতে চলে যান। এর মধ্যে ইব্রাহিম তার দুটি ইজিবাইক এক লাখ ৭০ হাজার টাকা বিক্রি করে দেন।
তিনি বলেন, ২০২০ সালের ৯ মার্চ রাতে ইব্রাহীম তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আত্মীয়ের বাড়িতে যান। সেই সময় ইব্রাহীমকে ফোন করে ডেকে নেন ইব্রাহীম ও সবুজ। পরদিন রাতে ইব্রাহীমের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়। পরে তার লাশ একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
১৩ মার্চ পুকুরে লাশ ভেসে ওঠে; খবর পেয়ে ইব্রাহীমের স্ত্রী গিয়ে লাশ শনাক্ত করেন বলে জানান পিপি কুহিনুর বেগম।
এ ঘটনায় ইব্রাহীমের স্ত্রী নিলুফা বেগম মতলব উত্তর থানায় আরিফ ও সবুজকে আসামি করে মামলা করেন। দুই দিন পর আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
২০২০ সালের ৩১ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার তৎকালীন এসআই মো. হাবিবুর রহমান দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি কুহিনুর বেগম।
মামলার আরেকটি ধারা আসামিদের তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি চার হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম, মাসুম হোসেন ভূঁইয়া এবং সেলিম মিয়া।
