২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটকের খবর

ওই চার বাংলাদেশিকে ভারতীয় নাগরিকরা আটক করে বিএসএফের হাতে সোপর্দ করেন বলে স্থানীয় এক ইউপি সদস্যের দাবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটকের খবর
ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের হাতে চার বাংলাদেশি আটকের খবর এসেছে। 

উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সোমবার ভোরে রোকনপুর সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে ভারতীয় নাগরিকরা। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের মহবুল আলমের ছেলে মো. মুকুল ইসলাম (২৮), মোশারফ আলীর ছেলে আব্দুল আলিম (২৬), দামইল গ্রামের এসাহাকের ছেলে দুরুল হুদা (৩০) এবং সাগরইল গ্রামের মতিউর রহমানের ছেলে মো. বাবু (২৫)। 

এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

আটক মুকুলের চাচা আমিরুল ইসলাম বলেন, রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন তার ভাতিজাসহ চার বাংলাদেশি। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের কাছে সোপর্দ করেন।