গোপালগঞ্জের ছিরু হত্যায় ৪ জনের ফাঁসি বহাল হাই কোর্টে
১৯৯৯ সালের ১৫ অক্টোবর ছিরু মোল্যাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়; ২০১৭ সালে বিচারিক আদালত পাঁচ জনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু মোল্যা হত্যায় চার জনের ফাঁসির দণ্ড বহাল রাখাসহ একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়ছে হাই কোর্ট। এছাড়া যাবজ্জীবন দণ্ডিত ১৭ জনের মধ্যে আট জনের দণ্ড বহাল রেখে নয় জনকে খালাস দিয়েছে।
ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ জানান, রোববার বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
যাদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে তারা হলেন হেমায়েত উদ্দীন, জাকারিয়া সাপু, শাহাজাহান ও শাহাদত হোসেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন মোশারফ হোসেন, মোজাফফর হোসেন, লুথু শিকদার, পারভেজ ইসলাম, শাহ আলম, ফজু, হাসান ও ফায়েক মোল্যা।
বশির আহমেদ জানান, ২০১৭ সালে এ মামলায় গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন এবং ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছিল।
“পরবর্তীতে আসামিরা হাই কোর্টে আপিল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামিদের আপিল আবেদনের শুনানি শেষে রোববার মামলার রায় দিয়েছে হাই কোর্ট।”
ডিএজি বশির আহমেদ আরও জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডিত পাঁচ জনের মধ্যে আলীমুজ্জামানকে বয়সজনিত কারণে মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড ও যাবজ্জীবন পাওয়া ১৭ জনের মধ্যে ৯ জনকে খালাস দিয়েছে উচ্চ আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামিরা ছিরু মোল্যাকে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালে ফেলে দেয়।
পরদিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হাই কোর্টে খালাসপ্রাপ্তরা হলেন মানিক ফকির, লয়েক মোল্লা, সেলিম মোল্লা, ফরমান মুন্সি, রহমান মুন্সি, ফারুক মুন্সি, ফারুক মোল্লা, বাচ্চু মোল্লা ও বায়োজিদ মুন্সি।
