২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নোয়াখালীতে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 05:48 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার বিকাল ৩টা থেকে নোয়াখালী জিলা স্কুলের সামনে শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শতাধিক শিক্ষার্থী। বিক্ষোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী বিকাল ৩টার কিছু আগে থেকেই জিলা স্কুলের আশপাশের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা জিলা স্কুলের সামনের সড়কে অবস্থান নেন। 

এ সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠি ও জাতীয় পতাকাও দেখা যায়। শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। 

শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর আগে জিলা স্কুলের সামনের সড়কে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে কিছু সময় সড়কে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করার কথা বললে পুলিশ সুপার তার সদস্যদের নিয়ে কিছুটা দূরে অবস্থান নেন। 

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছু কিছু যানবাহন বিকল্প পথে চলাচল করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা আধা ঘণ্টা সড়কে অবস্থান করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে বলায় তাদের সুযোগ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাধা দেবে না।”

বিকাল পৌনে ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়েকে অবস্থান ছাড়েনি।