কুমিল্লায় সড়কে ঝরল ২ শ্রমিকের প্রাণ
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
কুমিল্লার বরুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বাঁশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খায়রুল আলম জানান, এ ঘটনায় আহত হয়েছে তাদের ৫-৬ জন সহকর্মী।
লাকসাম হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল আকবর জানান, শ্রমিকবাহী একটি পিকআপ বরুড়া উপজেলার বিজরা বাজার থেকে কুমিল্লার পদুয়ার বাজারের দিকে আসছিল। বাহনটিতে ঢালাই মেশিনসহ অন্যান্য মালামালও ছিল। পিকআপটি বাঁশপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে।
এর মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি আদেল আকবর বলেন, “আহতদের কাছ থেকেই জানা যাবে মূল ঘটনা কী।”
