গোপালগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
কারাগারে যাওয়ারা হলেন- সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজী এবং নিজড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফায়েকউজ্জামান মীনা।
ওসি সাজেদুর রহমান বলেন, শুক্রবার রাতে শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।
অভিযানে শহরের কাঁচাবাজার এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মনির গাজী এবং নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামে নিজ বাড়ি থেকে ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ১০টি গাড়ি ভাঙচুর ও অন্তত ৫০ নেতাকর্মী আহত হন। এ ছাড়া গাড়ি বহরে থাকা স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম (সেলিম), সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় দেড় হাজার জনকে আসামি করে হত্যা মামলা করেন।
