সনদ স্থগিতের প্রতিবাদে ফরিদপুরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের প্রতিবাদে ও সার সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এ সময় সংগঠনটির পক্ষে বক্তব্য রাখেন জাকির হোসেন লিটন।
তিনি বলেন, “কার্ডধারী খুচরা সার বিক্রেতারা আগের নিয়মে সার ক্রয়/বিক্রয় করতে পারবে না এমন ঘোষণায় আমরা সারাদেশের ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ।
“আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় করেছি, তা দিয়ে একজন কর্মচারী, দোকান ভাড়াসহ ঘর সংসারের সকল খরচ নির্বাহ করি।“
তিনি আরও বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার-পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। এর মধ্যে দীর্ঘদিনের জীবিকা বন্ধ হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো, এ অনিশ্চিত ভবিষ্যতে আমরা উৎকণ্ঠিত।
“তাই সরকার প্রধানের কাছে আমাদের আবেদন নীতিমালা পূর্নগঠন স্থগিত করে আমাদের আগের মতো ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হোক।”
এ সময় উপস্থিত ছিলেন, লিয়াকত আলী মোল্লা, আশরাফ জোয়াদ্দার, আফতাব হোসেন বাবুল, রাজু সিকদার।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
এর আগে গতবছর কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধ করে কৃষকদের কাছে সময়মতো নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।
এ নীতিমালায় বলা হয়েছে, আলাদাভাবে কোনো সাব-ডিলার বা খুচরা ডিলার থাকবে না। ডিলারগণ কৃষক ব্যতীত কোনো খুচরা বিক্রেতার নিকট সার বিক্রয় করতে পারবে না।
তারপর থেকেই প্রতিবাদ-বিক্ষোভ করে আসছেন খুচরা সার বিক্রেতারা।
