১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজয় মিছিল শেষে ফেরার পথে হামলায় আহত শ্রমিকদল নেতার মৃত্যু

ওই নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া এক অডিও বার্তায় নিজ দলের সাবেক এমপির ভাজিতাকে তার ওপর হামলার জন্য দায়ী করেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 01:50 AM

Updated : 26 Aug 2026, 10:15 AM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সরকার পতনের বিজয় মিছিল শেষে ফেরার পথে হামলায় আহত এক শ্রমিকদল নেতা মারা গেছেন।

ঘটনার আট দিন পর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে রাতে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান।

নিহত শফিউল আলম শফি (৪০) উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছিলেন। 

শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় তিনি হামলার শিকার হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নিজ দলের স্থানীয় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে দায়ী করেছেন। 

এ ছাড়া শফিউল আলম মৃত্যুর আগে দেওয়া এক অডিও বার্তায় সাবেক ওই এমপির ভাতিজা নেতৃত্বে ৩০ জন ‘সন্ত্রাসী’ তার ওপর হামলা চালানোর কথা জানান।  

স্থানীয় বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বলেন, “সাবেক এমপি আলমগীর ফরিদের ইন্ধনে শফিউলকে খুন করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।” 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। 

তিনি বলেন, “দলের একটি অংশ প্রতিহিংসা পরায়ণ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন।”