Published : 06 Dec 2024, 06:02 PM
ভারত বাংলাদেশের বিরুদ্ধে যতদিন ভ্রান্ত তথ্য ছড়াবে ততদিন বাংলাদেশিরা ওইদেশে ‘কম যাবে’ মন্তব্য করে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘তাতে আমাদের ক্ষতি নেই।’
শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাখাওয়াত বলেন, “আমি এসেছি ভারতীয় প্রোপাগান্ডায় বাণিজ্য বন্ধ আছে কি-না, চেকপোস্ট দিয়ে লোকজন কেমন যাতায়াত করছে, তা দেখতে। আমাদের দেশ থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক যায় ভারতে। চিকিৎসার জন্য যায়; বাণিজ্যের জন্য যায়।
“আমাদের দেশ থেকে লোক কম যাচ্ছে, আসছেও কম। যতদিন ভারত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করবে ততদিন এ দেশ থেকে লোক কম যাবে।”
তিনি বলেন, “সারা পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। না গেলে আমাদের কোনো ক্ষতি নেই।”
সাখাওয়াত বলেন, “আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনও বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছে।”
কোনও উষ্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা ঐতিহাসিকভাবে এক আছি, সম্প্রীতির মধ্যে বাস করছি। কোনো ইন্ধন নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয়, এর জন্য দরকার সবার ঐক্যবদ্ধতা।”
বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমাডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া ও ইমিগ্রেশন (ওসি) ইমতিয়াজ আহসান ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।