হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
“প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
হবিগঞ্জ শহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার রাত ৮টায় বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান।
আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “শহরের মোহনপুর এলাকার ইমাদ মিয়ার সঙ্গে পাশের বহুলা গ্রামের সুমন মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে এর জেরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২০ জন আহত হন।”
তিনি বলেন, “প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
