২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী ২ পুলিশ সদস্য নিহত

তারা পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 03:21 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার লালন শাহ সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ।

নিহতদের মধ্যে পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪০) রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা এবং এএসআই কায়েজ আলী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তারা পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবি থানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ওসি আবু ওবায়েদ বলেন, দুপুর দেড়টার দিকে দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে পাকশী থেকে লালন শাহ সেতু হয়ে ভেড়ামারা অংশের টোল প্লাজায় ইউটার্ন নিয়ে আবার পাকশীর দিকে ফিরছিলেন।

এ সময় পেছন থেকে একটি কভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আবু ওবায়েদ বলেন, কভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় জব্দ কিংবা চালককে আটক করতে পারেনি পুলিশ। তবে আশপাশের সিসি ফুটেজ দেখে কভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।