নেত্রকোণায় ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা লেগুনা ও ঘটনাস্থলে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
নেত্রকোণা সদর উপজেলায় মোটরসাইকেল, লেগুনা ও লরির ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার আটপাড়া সড়কের পঞ্চাননপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ।
নিহতরা হলেন- সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী মো. জাকির হোসেন (২৮) এবং একই গ্রামের রতন ফকিরের ছেলে মো. শাহপরান (২৫)।
ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, জাকির ও শাহপরান সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা ও ঘটনাস্থলে থাকা একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাকির।
স্থানীয়রা গুরুতর আহত শাহপরানকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে লেগুনাটি জব্দ করেছে পুলিশ। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি কাজী শাহ নেওয়াজ।
