২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

তখন কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

তখন কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগামী ২০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন। 

সম্মেলন ঘিরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের পল্লী বিদ্যুতের মোড় থেকে আব্দুল খালেকের সমর্থকরা সম্মেলন-বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিলটি উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছলে মেহেদী হাসান পলাশের সমর্থকরা সেটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। 

এর জেরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। 

এতে অন্তত ৩০ জন আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

আব্দুল খালেকের দাবি, পলাশ ও মুসার সমর্থকরা তাদের মিছিলে হামলা করেছে। এতে তাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তবে এ বিষয়ে মেহেদী হাসান পলাশ ও মুসাকে কয়েকবার ফোন করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।

বাঞ্ছারামপুর থানার ওসি মোর্শেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।