Published : 18 Feb 2026, 05:36 PM
নওগাঁয় পুলিশের অভিযানে চুরি হওয়া চারটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়েছে। এসব চুরিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পাশপাশি জব্দ করা হয়েছে একটি পিকআপ।
মঙ্লবার দিনভর মান্দা ও মহাদেবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, মান্দা উপজেলার গাড়িক্ষেত্র গ্রামের মফিজউদ্দিনের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫) এবং মহাদেবপুর উপজেলার শালবাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মিলন হোসেন (৫০)।
পুলিশ সুপার তারিকুল বলেন, সম্প্রতি মান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি পাওয়ার টিলার চুরির অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে মান্দা থানা পুলিশ তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও পর্যালোচনা করে উদ্ধার অভিযান শুরু করে।
পরে চুরিতে জড়িত সন্দেহে মান্দা উপজেলার ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী অনুযায়ী মহাদেবপুর থেকে মিলন হোসেনকে গ্রেপ্তার এবং তার হেফাজতে থাকা একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয় ।
এ ছাড়া তাদের দেওয়া তথ্যে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।