ভোলায় এক দিনে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
চরসামাইয়া ইউনিয়নে দুজন এবং ভেলু মিয়া ইউনিয়নে একজনের মৃত্যু হয়।
ভোলা সদর উপজেলায় এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার চরসামাইয়া ইউনিয়নে দুজন এবং ভেলু মিয়া ইউনিয়নে একজনের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছে- চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরসামাইয়া গ্রামের ডাক্তার বাড়ির মো. মহিউদ্দিনের ছেলে তানজিল (৮) ও মো. কামালের মেয়ে তামান্না (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
অপর শিশু হচ্ছে- ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. রুবেলের ছেলে জিসান (৪)।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শংকর তালুকদার বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাইনি। অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।”
চরসামাইয়া গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা এবং দুই শিশুর স্বজন মো. হাবিবুর জানান, দুপুরের দিকে শিশুরা দলবেঁধে পুকুরে গোসল করছিল। একপর্যায়ে তানজিল পুকুরে ডুবে যাচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে তামান্না তাকে বাঁচাতে যায়। কেউ সাঁতার জানত না। তামান্না ও তানজিল দুজনই ডুবে যায়।
দ্রুত দুজনকে পুকুর থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে দুপুরে ঘরের কাজ করছিলেন জিসানের মা। এসময় ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় জিসান। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে ভোলা সদর হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
