বৃষ্টির পানি ঘরে, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঘরে পানি ঢুকে যাওয়ায় যুবক আইপিএস সরাচ্ছিলেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএস সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান।
নিহত কাকন কর্মকার (৩০) ওই গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানান, গত সাত দিনের টানা বৃষ্টিতে সেনবাগের বেশিভাগ গ্রামে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। পানি উঠে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে কাকন তাদের ঘর থেকে আইপিএস সরাতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি নাজিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
