২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মব ভায়োলেন্সের’ প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ

বক্তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে সামনে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, ছাত্রদল তার প্রতিবাদ জানায়।

‘মব ভায়োলেন্সের’ প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ
নওগাঁয় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

‘মব’ তৈরির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ করেছে ছাত্রদল।

সোমবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার', ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি নানা স্লোগান দেন। 

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার সঞ্চালনায় সমাবেশ হয়।  

সেখানে বক্তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে সামনে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, ছাত্রদল তার প্রতিবাদ জানায়। এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন তারা। 

সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জিব উপস্থিত ছিলেন।