২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার হতে গিয়ে নড়বড়ে সাঁকোতেই সন্তান প্রসব

ওই প্রসূতির ভাই বলেন, শুধু সেতু নির্মাণ না হওয়ার কারণে আজ আমার বোন পথেই সন্তান জন্ম দেয়। এটা বড় দুঃখের বিষয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 10:21 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পার হতে গিয়ে নড়বড়ে সাঁকোতেই সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাঝিপাড়া-মন্ডলপাড়া-খাটিয়ামারী সড়কের সুতিরপার এলাকায় এ ঘটনা ঘটে বলে শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান।

প্রসূতি বিলকিস খাতুন ওই এলাকার সাইজুদ্দিনের স্ত্রী। বিলকিসের বাবার বাড়ি সুতিরপার এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সন্তান প্রসবের জন্য ওই সাঁকোর উপর দিয়ে প্রসূতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন স্বজনরা। 

সাঁকোটি গাড়ি চলাচলের অযোগ্য হওয়ায় পায়ে হেঁটে পার হচ্ছিলেন সবাই। কিন্তু বিলকিস প্রসব ব্যথায় অসুস্থ হয়ে সেখানেই কন্যা সন্তানের জন্ম দেন। সন্তানটির নাম রাখা হয় স্বপ্না আক্তার। 

বিলকিস খাতুনের ভাই শাফি আহমেদ আক্ষেপ করে বলেন, “শুধু সেতু নির্মাণ না হওয়ার কারণে আজ আমার বোন পথেই সন্তান জন্ম দেয়। এটা বড় দুঃখের বিষয়।” 

তিনি অভিযোগ করে আরও বলেন, “দীর্ঘদিন থেকে এই ভাঙাচোরা সাঁকো নিয়ে দুর্ভোগে আছি স্থানীয়রা।”

এলাকাবাসী জানান, ১৫ বছর আগে বন্যায় ভেঙে যায় সড়কের একাংশ। পরে স্থানীয়দের উদ্যোগে সেখানে নির্মাণ করা হয় বাঁশ-কাঠের সাঁকো। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে। এতে প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। যেমনটি আজকে ঘটেছে বিলকিস খাতুনের বেলায়। 

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, “এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিনের। কিন্তু এর কোনো প্রতিকার মিলছে না। দ্রুত একটি টেকসই পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।“

রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, “আমি নতুন যোগদান করেছি। ওই সড়কের বিষয়টি আমার জানা নেই।”