২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই নেতার সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

তেরখাদার বিএনপি নেতা শহিদুল ইসলাম এবং সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 08:18 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এ ঘটনা ঘটে বলে তেরখাদা থানার ওসি মো. শহিদুল্লাহ জানিয়েছেন।

নিহতের নাম নুর আলম (৫৬)। তিনি তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে। 

পুলিশ জানায়, সকালে ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের অনুসারী এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। 

দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে সাইফুলের অনুসারী নূর আলম শেখ গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

সংঘর্ষে আহতদের মধ্যে হিজমুল্লাহ সোহেল রানা (৪০), মুসা শেখ (৩০), মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইনকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শহিদুল্লাহ বলেন, শহিদুল ও সাইফুলের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। আগের বিরোধের জেরেই সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। তারা উভয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।  

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ব্যাপারে জানতে তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলামের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। 

মধুপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি। 

তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। 

এটি রাজনৈতিক সহিংসতা নয় দাবি করে তিনি বলেন, তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে দল ব্যবস্থা নেবে।