নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান।
নিহতরা হলেন- মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) এবং একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)।
পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এরশাদ মিয়া বলেন, পাশাপাশি বাড়ির আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এ সময় অসাবধানতাবশত তারা রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি আফজাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
