২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্কুলে ভাঙচুরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

“চেয়ারম্যান নবনির্মিত নামাজের স্থান ও একটি দোকানঘর ভাঙচুর করেন।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

নওগাঁর রাণীনগরে পারইল ইউনিয়নের পারইল উচ্চবিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান ফকিরের বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা জানান।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে চেয়ারম্যান জাহিদ ফকির ১৫-২০ জন সহযোগী নিয়ে স্কুলে প্রবেশ করেন। এ সময় চেয়ারম্যানের নেতৃত্বে বিদ্যালয় চত্বরে থাকা বিদ্যালয়ের একটি নতুন দোকান ঘর ভাঙচুর এবং নামাজ পড়ার জন্য নির্মিত জায়গায় হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা এগিয়ে গেলে তারা সেখান থেকে চলে যান।

বিদ্যালয়ের আয়া মোছা রাবেয়া বসরী বলেন, “চেয়ারম্যান নবনির্মিত নামাজের স্থান ও একটি দোকানঘর ভাঙচুর করেন।

“আমি ঘটনাটি ভিডিও করতে গেলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেন। আমি এ ঘটনার বিচার চাই।”

পারইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহার অভিযোগ, চেয়ারম্যান জাহিদ ফকির বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে গত ৮ তারিখে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় বিএনপি সরকার ক্ষমতায় এলে তাকে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন।

তার ভাষ্য, এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর জেরেই বৃহস্পতিবার বিদ্যালয়ের দোকান ঘর ও নামাজের জন্য নির্মিত স্থানে হামলা হয়।

তবে চাঁদাদাবি ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, “আমি কোনো ভাঙচুর করিনি। তবে স্কুলে অ্যাসেম্বলি না করায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছি।”

রাণীনগর থানার ওসি হাফিজ মোহাম্মদ রায়হান বলেছেন, “এ বিষয়ে থানায় সরাসরি কোনো অভিযোগ করেনি। ইউএনও এর কাছে পাঠানো অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।