২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ফেনী সীমান্তে ২ নারী গ্রেপ্তার

বিনা পাসপোর্টে বিদেশে গমন আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ফেনী সীমান্তে ২ নারী গ্রেপ্তার
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক দুই নারী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার সকালে উপজেলার সত্যনগর সীমান্ত এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামের মোহন মিয়ার মেয়ে সাকেরা বেগম (৪৩) এবং ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ ওয়াসা কলোনির আব্দুর রবের মেয়ে রোজিনা বেগম (৪২)।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, জয়ন্তীনগর বিওপির সত্যনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের সময় রোজিনা ও সাকেরাকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানান, ভারতীয় দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

তিনি বলেন, আটক দুই নারীকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে ভারতীয় দালাল দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর থানার সমেন্দ্রনগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. খালেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফকে অবগত করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে বিনা পাসপোর্টে বিদেশে গমন আইনে মামলা করেছে বিজিবি। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।