২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জামায়াত নেতাকে হত্যা চেষ্টা মামলায় বাবা-ছেলে কারাগারে

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক জামায়াতে নেতাকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোরে দাশমরিচ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ভাঙ্গুড়া থানার ওসি শাফিউল আযম জানান। 

গ্রেপ্তাররা হলেন- ভাঙ্গুড়া উপজেলায় খানমরিচ ইউনিয়নের দাশমরিচ গ্রামের আয়নাল হোসেন (৬০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।

ওসি বলেন, “গ্রেপ্তার বাবা-ছেলে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের শুক্রবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের কাছে দাশমরিচ গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের (৫০) ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

হামলার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আলী আজগরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ভাঙ্গুড়া থানার সামনে বিক্ষোভ করেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

এ ঘটনায় জিল্লুর রহমানের ভাই হাছেন আলি বাদী হয়ে ১০ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।

ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমরি মহির উদ্দিন বলেন, “জিল্লুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।”