হবিগঞ্জে বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ চা-শ্রমিকদের
“শ্রমিকরা কাজ না করায় চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে।”
হবিগঞ্জে বেতন ও রেশন পরিশোধের দাবিতে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া এলাকায় চণ্ডিছড়া চা বাগানের শতাধিক শ্রমিকরা এ বিক্ষোভ করেন বলে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত কর্মকার জানান।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, ছয় সপ্তাহ ধরে তাদের বেতন, রেশন বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। কাজ করেও প্রাপ্য বেতন না পাওয়ায় তারা সংসার চালাতে পারছেন না। এ অবস্থায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
দ্রুত সময়ের মধ্যে বেতন পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
চা বাগানের শ্রমিক রিতা গঞ্জু বলছিলেন, “আমাদের মজুরি বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।”
দিলিপ বর বলেন, “কাজ করে যদি টাকা না পাই, তাহলে কাজ করে কি লাভ?। বেতন বন্ধ থাকায় অভাব-অনটনে আছি। নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি।”
চণ্ডিছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত কর্মকার বলেন, “আমাদের বার বার আশ্বাস দিয়ে কাজ করাচ্ছে বাগান কর্তৃপক্ষ। বেতন দেয়-দিচ্চি বলে সময় ক্ষেপন করছে। ছয় সপ্তাহ ধরে বেতন বন্ধ থাকায় আমরা সপ্তাহ খানেক ধরে কাজ বন্ধ রেখেছি।”
বাগানের ম্যানেজার মো. সেলিমুর রহমান বলেন, “শ্রমিকরা কাজ না করায় চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে। বাগান কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের চেষ্টা করছে। শিগগিরিই তাদের বেতন পরিশোধ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।”
