২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে টিভি সাংবাদিক ও ক্যামেরা পারসনের ওপর হামলার অভিযোগ

ওসি বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

ময়মনসিংহে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিনিধি ও ক্যামেরা পারসনের ওপর হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার বেলা সকাল সাড়ে ১১টায় নগরীর পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংয়ে রেলওয়ে নিউ কলোনি এলাকায় যমুনা টিভির ব্যুরো চিফ হোসাইন শাহীদ এবং ক্যামেরা পারসন দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে বলে কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।  

তিনি বলেন, হামলায় দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।  

আটক আলিফ ইমরান (২৪) নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার বাসিন্দা। 

আহত দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, তারা মোটরসাইকেলে করে সংবাদ সংগ্রহের কাজে কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। রেলওয়ে নিউ কলোনি এলাকায় আলিফের মোটরসাইকেলটি তাদের মোটরসাইকেলে পরপর দুইবার ধাক্কা দেয়। কারণ জানতে চাইলে প্রথমে বাগবিতণ্ডা এবং একপর্যায়ে আলিফ তাদের ওপর হামলা চালায়। 

“প্রথমে রেললাইনের পাথর দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে আমার ওপর চড়াও হয়। এ সময় ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে আমার কানে ও হাতে কামড় দিয়ে পিটিয়ে ডান হাত গুরুতর আহত করে।” 

পরে স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠায় বলে জানান দেলোয়ার হোসেন। 

ওসি শফিকুল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ ঘটনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি রাকিবুল হাসান রুবেল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান নিন্দা জানান এবং দোষীদের শাস্তি দাবি করেন।