২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

শাহ মখদুম থানার ওসি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুল বোঝাবুঝির কারণে বাক্সটি নিয়ে গিয়েছিলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 06:05 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নিলামের টেন্ডার বাক্স পুলিশের সামনেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার সকালে আরডিএ ভবনে এ ঘটনা ঘটে বলে শাহ মখদুম থানার ওসি কবির হোসেন জানান। 

আরডিএ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য ২০ এপ্রিল চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত ছিল। তবে নিলামকে ঘিরে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করে। এ সময় তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই হঠাৎ করে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। 

এ সময় পুলিশ সদস্যরা কার্যত নীরব ভূমিকা পালন করেন। ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে আসে। 

আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, “দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া টেন্ডার বাক্সটি খোলা হয়। যাচাই-বাছাইয়ের সময় বেশ কিছু দরপত্রে কাটাকাটির চিহ্ন পাওয়া যায়, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।”

দরপত্র দাখিলকারী হাবিবুর রহমানের অভিযোগ, “ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা নিজেদের পছন্দের প্রার্থীদের সুবিধা দিতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে জমা দিয়েছে। ৪৫০টি শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে অল্প সংখ্যক দরপত্র।”

শাহ মখদুম থানার ওসি কবির হোসেন বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুল বোঝাবুঝির কারণে বাক্সটি নিয়ে গিয়েছিলেন এবং পরে তা ফেরত দিয়েছেন। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

“আরডিএ কর্তৃপক্ষ চাইলে মামলা করতে পারে। তারা মামলা না করলে পুলিশই আইনি পদক্ষেপ নেবে।”

ওসি বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”