নোয়াখালীতে অবৈধভাবে মজুদ ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৪
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
নোয়াখালী সদর উপজেলায় অবৈধভাবে মজুদ করা এক হাজার ৪০০ লিটার ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।
শনিবার আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আরিফ হোসেন।
শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- মো. রাশেদ (৩৮), গাড়ি চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তাদের চারজনের বাড়ির চর মটুয়া ইউনিয়নে।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, রাত ১২টার দিকে উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে আব্দুল মালেক অয়েল স্টোরের গুদামে অবৈধভাবে ডিজেল মজুদের খবরে অভিযান পরিচালনার করে ডিবি পুলিশের একটি দল।
অভিযানে ঘটনাস্থল থেকে এক হাজার ৪০০ লিটার ডিজেল ও একটি লাল রংয়ের ভাউচার গাড়ি জব্দ করা হয়। এ কাজে সহায়তার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
