গাইবান্ধায় ধান ক্ষেতে মিলল অজ্ঞাত এক বৃদ্ধের লাশ
“গত পাঁচ-ছয় দিন থেকে ওই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজারগুলোতে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।”
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেকির বিলে লাশটি পাওয়া যায় বলে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, সকালে ওই এলাকায় এক কৃষক লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
“গত পাঁচ-ছয় দিন থেকে ওই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজারগুলোতে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।”
ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, “লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের বয়স ৬০-৬৫ হবে। মুখে দাঁড়ি ছিল। পরনে ছিল লুঙ্গি ও গায়ে সাদা সোয়েটার।”
লাশের নাম-পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
