বগুড়ায় বিলে লাশ দেখতে পেয়ে চিৎকার দেয় শিশুরা
স্থানীয়রা জানান, তাদের এলাকার কেউ নিখোঁজ নেই। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি অন্য কোনো এলাকার বাসিন্দা।
বগুড়ার শেরপুর উপজেলার রামাইডাঙ্গা বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের ওই বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।
পরিদর্শক জয়নুল বলেন, সকাল ১০টার দিকে গোয়ালজানী গ্রামের কয়েকটি শিশু গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে বিলে লাশটি দেখতে পায়। তারা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং খবর দেয় পুলিশকে।
স্থানীয়রা জানান, তাদের এলাকার কেউ নিখোঁজ নেই। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি অন্য কোনো এলাকার বাসিন্দা। তবে গ্রামের শিশুরা জানায়, আগের দিন তারা ওই ব্যক্তিকে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছিল।
জয়নুল আবেদীন বলেন, সংবাদ পেয়ে শেরপুর থানার ওসি মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওই ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
