‘বাড়ি টুঙ্গিপাড়া’ বললে কেউ চোখ রাঙাবে, তা হতে দেব না: জিলানী
“যদি কোনো ভুল হয় তাহলে আপনারা আমার অভিভাবক হিসাবে অবশ্যই বলবেন যে আপনার কাজটি ভুল হয়েছে, একটু ভেবে দেখেন।”
ঢাকাসহ সারাদেশে ‘মাথা উঁচু করে, সিনা টান করে’ টুঙ্গিপাড়াবাসীকে নিজের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
তিনি বলেছেন, “টুঙ্গিপাড়াবাসীর মধ্যে একটা সংশয় থাকতো বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারবো না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে এই শঙ্কা কেটে গিয়েছে।
“বাড়ি টুঙ্গিপাড়া বললে কেউ চোখ রাঙাবে! আমি যতদিন আছি এটা হতে দেব না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি।”
মঙ্গলবার এসএম জিলানীর পাটগাতীর বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
তিনি বলেন, “তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আমাকে স্পষ্ট বলেছেন- ‘আমি গোপালগঞ্জকে আলাদা করে দেখতে চাই না। অন্য ৬৪ জেলার মতো গোপালগঞ্জকে দেখতে চাই। গোপালগঞ্জের মানুষ যেন কোনো উন্নয়ন থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার না হয়।’ তাই এলাকার উন্নয়নের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের সমস্যার কথা শুনছি।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, “আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমার দরজা খোলা আছে আপনাদের জন্য। যদি কোন ভুল হয় তাহলে আপনারা আমার অভিভাবক হিসাবে অবশ্যই বলবেন যে আপনার কাজটি ভুল হয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে আমি উপকৃত হব।
“আর ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে যাবো। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।”
ইফতারের আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়।
এতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সভাপতি আমিনুল ইসলামসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও টুঙ্গিপাড়ার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
