২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে জামায়াতের দুই কর্মীর বাড়িতে বোমা হামলার অভিযোগ

পুলিশ জানায়, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর দুই কর্মীর বাড়িতে হাতবোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকি এলাকায় এ ঘটনা ঘটে বলে সখিপুর থানার ওসি মহিদুল ইসলাম বলেন। 

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, ভোররাতে জামায়াতের কর্মী আবু হানিফ মোল্লা এবং একই এলাকার ইয়াসিন বেপারীর বাড়িতে হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে চারপাশের লোকজন জেগে উঠলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয়রা এগিয়ে এসে একটি বিস্ফোরিত এবং আরেকটি অবিস্ফোরিত হাতবোমা দেখতে পান।

আবু হানিফ মোল্লার ছেলে সোহান মোল্লা বলেন, “আমরা জামায়াতের সমর্থক এবং আমি একজন শিবির কর্মী। রোববার জামায়াতের প্রার্থীর লোকজন এলাকায় এসে নির্বাচনি প্রচার শেষে আমাদের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। 

“ভোরে আমাদের বাড়িসহ আরেকটি জামাযাতের সমর্থকের বাড়িতে হাতবোমা হামলা চালানো হয়। মূলত ভোটকেন্দ্রে যাতে সাধারণ মানুষ না যেতে পারে এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করতে এই বোমা হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

সখিপুর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, “কাঁচিকাটা এলাকায় দুটি বসতবাড়িতে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”