দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর যুবক নিহত
জীবিকার তাগিদে মোশারফ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে তার নিজস্ব দুটি দোকানসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে সে দেশের নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
নিহত মোশারফ হোসেন মিলন (৩৬) ফেনী জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
প্রবাসী বাংলাদেশিদের বরাতে নূর ইসলাম বলেন, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার মিউর্যান্ড তুর্কি মসজিদ থেকে প্রিটোরিয়া যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয় মোশারফ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও দুজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মোশারফ হোসেন মেজ ছেলে। জীবিকার তাগিদে মোশারফ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে তার নিজস্ব দুটি দোকানসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মোশারফ ২০১৭ সালে বিয়ে করে, তার ছয় বছরের মেয়ে ও দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ৫-৬ মাস আগে সে দেশ থেকে ছুটি কাটিয়ে গেছে।
নিহতের আরেক স্বজন এমদাদ হোসেন জানান, “মোশারফ হোসেনের মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। সে দেশের প্রবাসী বাংলাদেশিরা লাশ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।”
ইউএনও কামরুল বলেন, মরদেহ দেশে আনতে যদি ওই পরিবার সহায়তা চায় তাহলে সব ধরনের সহযোগিতা করা হবে।
