২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে সরে গেলেন শিক্ষার্থীরা

“শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 05:32 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

টাঙ্গাইলে দেড় ঘণ্টা মহাসড়কে অবরোধ করে সরে দাঁড়িয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। 

পরে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকা থেকে সড়ক অবরোধ তুলে সেখান থেকে চলে যান তারা। 

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান।   

এর আগে দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থান নেন। এ সময় কোটা বিরোধী কয়েকজন সাধারণ শিক্ষার্থী মিছিল নিয়ে নিরালা মোড়ের দিকে যাওয়ার সময় হামলা ও ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান। পরে সাধারণ শিক্ষার্থীর একটি দল একত্রিত হয় টাঙ্গাইল পৌর উদ্যানে। সেখান থেকে তারা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এম এম আলী সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। এই ঘটনায় শহরে সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এম এম আলী সরকারি কলেজের শিক্ষার্থী রানা ইসলাম বলেন, “শান্তিপূর্ণ কোটা বিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। এদের গুরুতর একজন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাটালে ভর্তি করা করা হয়েছে।”

জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, “শহরে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এজন্য নিরালা মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিলে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। তবে কারোর উপর হামলা করা হয়নি। পরে বেলা ১২টার দিকে স্থানত্যাগ করা হয়।”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, “একটি দেশের বিচারব্যবস্থা  দেশের মানুষের আশা ভরসার প্রতীক কিন্তু আদালতের সিদ্ধান্ত যখন জনগণের ইচ্ছার বিপরীতে যায় তখন তারা স্বাভাবিকভাবেই বিক্ষোভ আন্দোলন করবে।

“আদালতের কোটা প্রথাকে প্রশ্রয় দেওয়া মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করার মত ধৃষ্টতার সমান। কোটা প্রথার মাধ্যমে তারা যে বৈষম্যের সৃষ্টি করছে সেই বৈষম্য বহাল রাখতে তারা বদ্ধ পরিকর। আমরাও আমাদের প্রাণের দাবি, অস্তিত্বের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব।

অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন বলেন, “শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।” 

জেলা পুলিশ সুপার গোলাম সবুর বলেন, “বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো সমস্যা নেই।” 

তবে জনগণের ক্ষতির কারণ বা আইনশৃঙ্খলার অবনতি, ভাঙচুর-বিশৃঙ্খলা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।