Published : 17 Feb 2026, 07:39 PM
বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর এক ট্রলার ব্যবসায়ীর মরদেহ বিষখালী নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নলটোনা এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম।
লাশ পাওয়া গোলাম মোস্তফা শিকদার (৭৯) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বনি আমিন শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলার ব্যবসায়ী।
পরিবারের সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোস্তফা। পরদিন নদীতে তার নৌকাটি ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা।
স্থানীয়ভাবে অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে ২ ফেব্রুয়ারি বরগুনা থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজের পরিবার।
নিহতের জামাতা মো. মাসুদ বলেন, “মাস তিনেক আগে আমার শ্বশুরের হার্ট এ্যাটাক হয়েছিল। পরে তার হার্টে রিং পরানো হয়। এর মধ্যে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলে আমরা থানায় সাধারণ ডায়েরি করি।
“পুলিশ মরদেহ উদ্ধার করলে তার পরিধেয় পোশাক দেখে আমরা শ্বশুরের লাশ চিহ্নিত করি।”
ওসি বলেন, বিষখালী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।