নেত্রকোণায় বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা, ২ ট্রলার মালিকে কারাদণ্ড
অবৈধভাবে বালু কেনা ও পরিবহনের দায়ে তাদের জেল-জরিমানা করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জে অবৈধভাবে বালু পরিবহন ও বিক্রির দায়ে দুই ট্রলার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার টেংগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
দণ্ড পাওয়ারা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মো. সাহেদ আলীর ছেলে মো. কিবরিয়া (৪০) এবং রসুলপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. শহীদ (৩০)। তারা ট্রলারের মালিক।
এক লাখ টাকা জরিমানা পাওয়া মো. মানিক (৪৯) মোহনগঞ্জ উপজেলার বামেরচর এলাকার মিয়া হোসেনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু বিক্রির তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি বালুবোঝাই ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। তবে তারা বালু কেনা ও পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুটি ট্রলার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
