ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ছিলেন মাইলফলক: নাহিদ ইসলাম
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেন জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা।
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপির জুলাই পদযাত্রার অষ্টম দিনে মঙ্গলবার দুপুরে পদযাত্রা শুরুর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতে গিয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল।
“সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন।”
আবরার ফাহাদের বাংলাদেশপন্থি দেখানো পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সেই পথ ধরেই জুলাই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছিল।
“আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল। জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।”
সকাল থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে এনসিপি পদযাত্রা শুরু হয়। বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নুসরাত তাবাস্সুম, ডাক্তার তাসনিম জারা এবং আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।
পরে কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। শহরে কয়েকটি স্থানে পথসভা করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা সংক্ষিপ্ত করে পাঁচ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশে যাত্রা করে।
