২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় নারী ধর্ষণের অভিযোগ: এবার আদালতে মামলা

‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আসামিরা এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় বলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 08:08 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ‘ভোটের বিরোধের জেরে’ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলোচনা-সমালোচনার মধ্যে এবার আদালতে মামলা হয়েছে। 

বুধবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ গৃহবধূ মামলাটি করেন বলে বাদীপক্ষের আইনজীবী মো. নোমান সিদ্দিক জানান। 

বিচারক মোহাম্মদ খোরশেদ আলম সিকদার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে হাতিয়া থানার ওসিকে নথিভুক্ত করার আদেশ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, “বিকালে আদালতের আদেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাদীর নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

মামলায় ছয়জনের নাম বলা হয়েছে। তারা হলেন- হাতিয়ার চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার আবুল কাশেমের ছেলে আবদুর রহমান (৩২), আবদুল গফুরের ছেলে মো. মতিন (৩৫), হালিম ডুবাইর ছেলে হেলাল উদ্দিন কেরানী (৪০), আবুল কাশেমের ছেলে মো. রুবেল (৩০), ৭ নম্বর ওয়ার্ডের মোস্তফা সর্দারের ছেলে এমরান হোসেন ওরফে কালা এমরান (৩৫) এবং ২ নম্বর ওয়ার্ডের উত্তর আজিমপুর গ্রামের মো. মোস্তফার ছেলে বেলাল মাঝি (৪৮)।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার পর ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আসামিরা অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়। এ সময় তারা বাদীর বসতঘরে প্রবেশ করে তাকে ও তার স্বামীকে মারধর করে। পরে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে গোসলখানায় নিয়ে ১ নম্বর আসামি আবদুর রহমান তাকে ধর্ষণ করেন।

অভিযোগে বলা হয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। পরদিন ভোরে একই ব্যক্তিরা আবারও হামলা চালিয়ে দম্পতিকে মারধর করে এবং বাদীর শ্লীলতাহানি করে। এ সময় ‘শাপলা কলি’র আরেক নারী কর্মীর ঘর দেখিয়ে দিতে চাপ প্রয়োগ করা হয় এবং ওই ঘরেও ভাঙচুর চালানো হয়।

ভোটের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি বিকালে গৃহবধূকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “গৃহবধূর চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পুলিশের চাহিদাপত্রের আলোকে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মেডিকেল বোর্ডে রয়েছেন- গাইনি বিশেষজ্ঞ শিরিন সুলতানা, ফাতেমা জোয়ান মুনিয়া ও তাহমিনা আক্তার। 

ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: যা জানা যাচ্ছে

হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: মেডিকেল বোর্ড গঠন, পুলিশের জিডি