২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোড়া ক্ষত নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই’ আরএমপির

সহিংসতার সুযোগে লুট করে নেওয়া হয় ১৬৪টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে ১৭টি এখনো উদ্ধার হয়নি।

‘পোড়া ক্ষত নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই’ আরএমপির
রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ধ্বংসস্তূপ থেকে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনা আবু সুফিয়ান। 

তিনি বলেছেন, “পোড়া ক্ষতকে শক্তিতে রূপান্তর করে জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। গত বছরটি ছিল আমাদের জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষার। অগাস্টের নজিরবিহীন সহিংসতায় অবকাঠামো ও মনোবল- উভয় ক্ষেত্রেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। 

“কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে চাই, রাজশাহী মহানগর পুলিশ সেই ধ্বংসস্তূপ থেকে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে।”

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিশনার এসব কথা বলেন।  

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর নগরজুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা। হামলা চালানো হয় পুলিশের স্থাপনা ও যানবাহনের ওপর। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ৫৬টি গাড়ি। ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় আরএমপি সদর দপ্তর, ডিবি অফিস, ট্রাফিক অফিস, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানাসহ পুলিশের ১৬টি স্থাপনা।

সবচেয়ে বিপজ্জনক দিক ছিল অস্ত্র লুট। সহিংসতার সুযোগে লুট করে নেওয়া হয় ১৬৪টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে ১৭টি এখনো উদ্ধার হয়নি, যা নগর নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি হয়ে আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত আটটি প্রধান ভবন পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। রাজপাড়া থানা চালু হয়েছে নতুন ভবনে। পোড়া ৫৬টি গাড়ির মধ্যে ২৯টি সংস্কার করে ব্যবহার উপযোগী করা হয়েছে। নতুন করে কেনা হয়েছে চারটি পিকআপ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংকটকালেও থেমে থাকেনি আরএমপির নিয়মিত কার্যক্রম। গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত নয় মাসে মোট এক হাজার ৬২৫টি মামলা দায়ের হয়েছে এবং এক হাজার ৫৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১৪২ কেজি গাঁজা, ৫৯৪.৫ গ্রাম হেরোইন, ৯৯৩ পিস ইয়াবা, ২৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, “লুট হওয়া বাকি ১৭টি অস্ত্র উদ্ধার করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং একটি বড় চ্যালেঞ্জ। আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, প্রতিটি অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের অভিযান চলবে। জনগণের নিরাপত্তা নিয়ে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এই সংকটকালেও আমাদের অপরাধ দমন অভিযান থেমে থাকেনি।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে সদর দপ্তরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। 

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শেষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অফিসার অ্যাডিশনাল আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।