২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: রাজশাহীতে ১০ মামলার অভিযোগপত্র দিচ্ছে পুলিশ

৫ অগাস্টের আগে এসব মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার কথা বলেছেন আরএমপি কমিশনার।

ছাত্র আন্দোলনে হামলা: রাজশাহীতে ১০ মামলার অভিযোগপত্র দিচ্ছে পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে গুলিতে নিহত হন সাকিব আনজুম ও রায়হান আলী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার মধ্যে ১০টির অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ। 

আগামী ৫ অগাস্টের আগে এসব অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, গত বছরের ৫ অগাস্টের ঘটনায় রাজশাহীর বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার সত্যতা নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও বাকিগুলোর প্রমাণ পাওয়া গেছে।

আরএমপি কমিশনার বলেন, “যেসব মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, সেগুলোর মধ্যে দুটি হত্যা মামলা এবং আটটি ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে করা মামলা রয়েছে। অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। জুলাইয়ে না পারলেও ৫ অগাস্টের আগেই এসব মামলার অভিযোগপত্র প্রদান করা হবে।”

বাকি মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে; সেগুলোর তদন্ত শেষ করে অভিযোগপত্র দিতে আরও এক থেকে দুই মাস সময় লাগবে বলে জানান আরএমপি কমিশনার আবু সুফিয়ান।

অভিযোগপত্র প্রস্তুত হওয়া মামলাগুলো ডিবি পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে সংঘর্ষে ছাত্রশিবির নেতা রায়হান আলী নিহতের ঘটনায় হত্যা মামলা করেন তার ছোট ভাই রানা ইসলাম। গত বছরের ১৯ অগাস্ট রাতে করা এ মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার ২৫০ জন আসামি রয়েছেন।

নিহত রায়হান আলী (২৭) পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের মুসলেম আলীর ছেলে। রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করা রায়হান মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট বেলা সোয়া ১টার দিকে নগরের সাগরপাড়া কল্পনা হল মোড়ে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন রায়হান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অগাস্ট সন্ধ্যায় মারা যান তিনি।

লিটন ছাড়াও এ মামলায় আটজন ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে। তারা হলেন- ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহমুখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন, ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজামুল আযিম, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরমান হোসেন, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন সাহু।

অপরদিকে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যার ঘটনায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। 

গত বছরের ২৪ অগাস্ট রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন সাকিবের বাবা মাইনুল হক। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, ফারুক হোসেন ডাবলু ও জি এম হিরা বাচ্চু, রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ টেকন, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরমান আলী, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম এবং সাবেক সভাপতি রকি কুমার ঘোষ রয়েছেন।