অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌর মেয়র বরখাস্ত
ওই পৌর মেয়র স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়াই সোমবার দেশের বাইরে যান বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে জানতে মেয়র মুহিবুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে পৌরসভাটির প্যানেল মেয়র-১ রফিক হাসান বলেন, “মেয়র মুহিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে; এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কপি পেয়েছি।“
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজের বাসায় করা; শহর সমন্বয় কমিটির সভা না করা; মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেওয়া; পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ড ফিল্ড) স্থাপনা না করে শহরের প্রাণকেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা; বিশ্বনাথবাসীর প্রাণ বলে খ্যাত বাসিয়া নদী পরিষ্কার না করে সেখানেও ময়লা-আবর্জনা ডাম্পিং করার বিষয়ে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এছাড়া মুহিবুর রহমান স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়াই সোমবার যুক্তরাজ্য যান বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী তাকে মেয়রের পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
