২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী ইমরান কারাগার থেকে হাসপাতালে ভর্তি

“তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো। কেবিনে উনি কথাবার্তা বলেছেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে অসুস্থ অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় বলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “বর্তমানে উনি হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।’’  

গত বছরের ২১ অক্টোবর রাতে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেটের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন।

বুধবার দুপুরে ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারি উপপরিদর্শক আলাউদ্দিন বলেন, “সাবেক মন্ত্রী ইমরান আহমদের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। কেবিনে উনি কথাবার্তা বলেছেন।

“তিনি হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে রয়েছেন। তাকে পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’  

এই বিষয়ে বক্তব্য জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের মোবাইল ফোনে একাধিক ফোন করেও সাড়া মেলেনি।