Published : 10 Jan 2026, 11:43 AM
প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ‘উরস’ শুরু হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কু. ছে. আ.) এই উরস চলবে মঙ্গলবার পর্যন্ত।
সেজন্য শুক্রবার রাত থেকেই আসতে শুরু করেন ভক্ত-আশেকানরা। তাদের ভিড়ে শনিবার দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী।

তিনি বলেন, “দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা আশেকান-জাকেরান উরশের দিনগুলিতে দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগীতে রত থাকবেন।
“তারা দয়াল নবী রাসুলে করিম (সা.), তদীয় সহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রা.), খাজা এনায়েতপুরী (কু. ছে. আ.) সহ সকল নবী-রাসূলগণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মাসহ, সকল মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসানী করবেন।”
এছাড়া এই উরসে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ করে সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হবে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার দুপুরে উরস উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন- মো. কামরুল হুদা, কর্মী গ্রুপের কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান, শহিদুল ইসলাম শাহীন।
সংবাদ সম্মেলনে জানান হয়, উরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে।
পুরো ভেন্যুর বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, ‘আল্লাহু আকবার’ খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি লাগানো হয়েছে। সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল ও সংলগ্ন এলাকা।
এছাড়া গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিং স্থাপন করা হয়েছে বলেও জানান তারা।