২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পাশাপাশি স্থানে বিএনপির দুপক্ষের সভা, ১৪৪ ধারা জারি

মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 11:08 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই সময় পাশাপাশি স্থানে বিএনপির দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে একই সময়ে রশিক লাল বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির জনসভা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের প্রতিষ্ঠান মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। 

দুই পক্ষের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গোয়ালমাঠের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং চারপাশে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের জনসমাগম, সভা সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়।

তবে এ আদেশ জরুরি পরিষেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে বিএনপির দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।