পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার
“আমাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের জায়গা ও জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।”
পিরোজপুর সদর উপজেলার এক বৃদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কদমতলার মধ্য ভৈরমপুর গ্রাম থেকে শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান।
নিহত ৭০ বছর বয়সী রোকেয়া বেগম ওই গ্রামের মোক্তার হাওলাদারের স্ত্রী।
নিহতের বড় ছেলে লিটন হাওলদার বলেন, তারা দুই ভাই ও এক বোন। তিনি একই এলাকায় অন্য জায়গায় বাড়ি করে থাকেন এবং ছোট ভাই সৌদি প্রবাসী মহসিন হাওলাদার। এক বছর আগে তৈরি করা টিনশেড বাড়িতে একাই থাকতেন তার মা।
তিনি বলেন, “সকাল সাড়ে ৯টা পর্যন্ত মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকতে থাকেন। তিনি দরজা না খোলায় তারা পেছনের দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে মায়ের মৃতদেহটি মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে আমাদের খবর দিলে আমরা সেখানে যাই।”
নিহতের বড় ছেলে লিটন হাওলদার বলেন, “ঘরের মধ্যে তেমন টাকা পয়সা ছিল না। আমাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের জায়গা ও জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।”
ওই দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি লিটন।
ওসি রবিউল বলেন, “ঘরের জানালার গ্রিল ভাঙা ছিল। পেছনের দরজা খোলা ছিল। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত নই। তদন্তের জন্য ফরেনসিক বিভাগের একটি টিম খবর দেওয়া হয়েছে।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
