নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিবাদকে সুযোগ দেবে: এ্যানি
লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে সেটা আওয়ামী লীগের মত ফ্যাসিবাদকে সুযোগ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, “সরকার ও আমরা বাইরে যারা আছি নির্বাচনকে নিয়ে সবাইকে একটি ঐক্যমতে পৌঁছতে হবে। এটি দীর্ঘদিনের প্রত্যাশা। সুতরাং এখানে নির্বাচনকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দেব, এ ধরনের বিতর্ক আর যেন না হয়।
“সরকারকে অনুরোধ করব, আলোচনা হতে পারে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার ক্ষেত্র আরও বাড়াতে হবে। এই সুযোগটা আপনাদেরকেই তৈরি করতে হবে। সব রাজনৈতিক দলকে আপনারা ডাকবেন আলোচনার টেবিলের, এটার সমাধান খুবই জরুরি। একটা যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন, এটাই আমাদের প্রত্যাশা।”
রোববার দুপুরে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, “আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন দিতে হবে, তা হবে নিরপেক্ষ নির্বাচন, তিনি এই দাবিটাই করেছেন। এই দাবি করা খুবই যৌক্তিক। দেশের সাধারণ মানুষ এই নির্বাচনের জন্যই আন্দোলন-সংগ্রাম ও লড়াই করেছে।
“সরকারে যারা আছেন তাদের শোনার মনমানসিকতা থাকতে হবে। কথাগুলো যদি না শোনেন, উপলব্ধি যদি না করেন এবং যদি বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে পারে। কারণ এ বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ করে দিতে পারে। এই সুযোগ দেওয়া যাবে না।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম মামুনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক খোদেজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিএনপি নেতা জহির উদ্দিন ফারুক, জমির উদ্দিন চৌধুরী সঞ্জু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইফুদ্দিন চৌধুরী মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভি ও সদস্যসচিব মাইনুল হাসান শাওন।
