২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 07:29 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেরইল পলিতা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান।

নিহত শরিফুল ইসলাম (৩২) ওই এলাকার আকবর মেম্বরের ছেলে।

এলাকাবাসী জানান, বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য রাজা মিয়া ও আকবর হোসেন মেম্বারের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। 

এর জেরে বৃহস্পতিবার ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের হামলায় আকবর মেম্বারের ছেলে শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। 

আহত হন দুপক্ষের অন্তত ১০ জন। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

খরব পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় জানিয়ে ওসি আইয়ুব আলী বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। 

হত্যাসহ সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আইয়ুব আলী।