২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংগঠিত হওয়ার চেষ্টা’: শাবির ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

প্রক্টর বলেন, “কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছে।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 11:09 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ক্যাম্পাসে সংগঠিত হওয়ার চেষ্টা এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান।

পুলিশে দেওয়া শিক্ষার্থী রাকায়েত হোসেন ওরফে নাবিল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সজীবুর রহমানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. সোহাগ বলেন, “রাকায়েত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। হলগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের হয়রানির সঙ্গে আগে থেকেই জড়িত। সম্প্রতি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন। তাই প্রশাসনিক ব্যবস্থা চেয়ে তাকে প্রক্টর অফিসে নেওয়া হয়।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে ছাত্রদলের কর্মসূচিতে যাওয়াতে সে আমাকে মারধর করছিল। এ নিয়ে আজকে আমি প্রক্টর বরাবর অভিযোগ দেই। দলীয় প্রভাব দেখিয়ে  ব্যক্তি আক্রোশ থেকে সে শিক্ষার্থীদের নানা সময় হেনস্তা করত। 

“আমরা মনে করছি, সে এখন মুক্তভাবে ঘুরে বেড়ালে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ সে যেকোনো সময় আমাদের উপর কিছু ঘটাতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ আনে। তাছাড়া এ শিক্ষার্থী বাইরে থাকলে শিক্ষার্থীরা তাকে নিরপত্তার জন্য হুমকি মনে করছে।  তাই সবকিছু বিবেচনায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দেওয়া অভিযোগগুলো আমরা তদন্ত করে শৃঙ্খলা কমিটির কাছে জমা দেব। সেটা শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে সিন্ডিকেট সভায় তুলে ধরা হবে। সেখানে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার নেবে।”

জালালাবাদ থানার ওসি সুমন মিত্র বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি-না, তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”