২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রশাসন ‘জামায়াতপন্থি’, অভিযোগ ছাত্রদলের

“নগ্ন স্বজনপ্রীতি ও নিয়োগ-জালিয়াতি মূলত তাদের ‘সুপ্ত ফ্যাসিবাদি চরিত্রেরই’ ক্ষুদ্র উদাহরণ,” বলা হয় বিবৃতিতে।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 05:57 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য এবং দুই উপাচার্যের পদত্যাগসহ চারটি দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

চবির বর্তমান প্রশাসনকে ‘জামায়াতপন্থি’ হিসেবে অভিহিত করে সংগঠনটি বলেছে, এই ‘অনিয়ম’ তাদের ‘সুপ্ত ফ্যাসিবাদী চরিত্রেরই উদাহরণ'।

বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে এসব দাবি ও প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

চবির রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় মোট ১১৩ জনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২১ জন শিক্ষক, ৩৭ জন তৃতীয় শ্রেণির কর্মচারী, ৪৭ জন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আটজন কর্মকর্তা রয়েছেন। 

নিয়োগপ্রাপ্তদের তালিকায় শিক্ষক পদে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামিম রয়েছেন। 

এছাড়া রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের ভাই মোহাম্মদ আবদুল কাউয়ুম নিয়োগ পেয়েছেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে।

এসব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, “গত ১৫ মাসে প্রকৃত জনবল চাহিদা না থাকা সত্ত্বেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ২৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও ৩০৪টি পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।” 

ছাত্রদলের অভিযোগ, গত দেড় বছরে ৫৫৪ জনের এই বিশাল নিয়োগ একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অংশ।

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী প্রশাসনের এই নগ্ন স্বজনপ্রীতি ও নিয়োগ–জালিয়াতি মূলত তাদের ‘সুপ্ত ফ্যাসিবাদি চরিত্রেরই’ একটি ক্ষুদ্র উদাহরণ। এই স্বৈরাচারী ও সাম্প্রদায়িক শক্তি আজ একটি বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যমূলক লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে, তা থেকেই স্পষ্ট যে রাষ্ট্রযন্ত্রের চাবিকাঠি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ পেলে তারা গোটা দেশকে স্বজনপ্রীতির এক অন্ধকার গহ্বরে নিক্ষেপ করবে।

“প্রশাসনের এই দুঃশাসনের বিরুদ্ধে যখন সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে ক্ষোভের দাবানল জ্বলছে, তখন শিবির–আদর্শিত শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির–আদর্শিত ছাত্র সংসদগুলোর নির্লজ্জ নীরবতা প্রমাণ করে, এই নিয়োগ–বাণিজ্যের সুবিধাভোগী হিসেবে তারাও জামায়াতপন্থি প্রশাসনের সঙ্গে নেপথ্যে সমঝোতায় লিপ্ত।”

ছাত্রদলের চার দাবির মধ্যে রয়েছে—

১. স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য তাঁদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন; অবিলম্বে তাঁদের পদত্যাগ করতে হবে।

২. উপ-উপাচার্যের কন্যাসহ সকল বিতর্কিত ও অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।

৩. ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে যারা নিয়োগ বোর্ড পরিচালনা করেছে, তাদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৪. বিভাগীয় সভাপতিদের আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এবং স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।