ব্রাহ্মণবাড়িয়া নিখোঁজ শিশুর মরদেহ মিলল খালে
রোববার বেলা ৩টা থেকে সে নিখোঁজ ছিল বলছে, পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের একদিন পর খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
সোমবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার হয় বলে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন জানান।
মৃত আট বছর বয়সী আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও জোসনা আক্তার দম্পতির সন্তান।
সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।
ইউপি সদস্য আবদুল মতিন বলেন, “রোববার বেলা ৩টা থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।”
কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
